বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১২



অনুনাদ 

কাঁধে নিয়ে স্বপ্নের ঝুলি, রোজ রাতে দেখি অচেনা
মানুষ হেঁটে যায় একাকী সুদুর বন  প্রান্তরে, 
গেয়ে যায় রহস্যময় সুরে জোছনার 
গান, সেই সুরে ডুবে ভাসে 
পৃথিবীর স্বরলিপি,
আরোহ
অবরোহে জীবনের ছন্দ দুলে রয় আশ্চর্য্য ভাবে,
অলৌকিক তার প্রেমের ছোঁয়া জাগিয়ে 
রাখে মনের সুপ্ত জলাভূমি, রাত্রি 
শেষে কে যেন আলতো  
আঙুলে, রেখে যায় 
শিশির ভেজা
অধরের 
স্পর্শ, আহরণ  ব্যথা  বিন্দু বিন্দু যায় জমে, সেই 
প্রভুত্বের মাঝে খুঁজে জীবন, দেহান্তরের 
জটিল চিত্রলেখ, আবেশের নিমগ্ন 
দ্রবীকরণ, ক্রুস বিদ্ধ দেহের 
আলিঙ্গন, অনন্ত প্রণয়ের 
অভিলাষা, তাকে 
ফিরিয়ে 
আনার প্রক্রিয়া ঘুমোতে দেয় না সারা রাত, 
হৃদয় অনুধাবন করে অবিরাম, 
চিরায়ত, বিলুপ্ত 
অনুনাদের 
জন্য - - - 

- - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
echo harbor author dimms matte painting




মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১২


সাগর কূলের অভিযাত্রী 

মনের ভাঙা, ক্ষয়িত তীর দেখিয়ে কি বা হত,
তাই হাসির মাঝে ভুলিয়ে রেখেছি সাগর
কূলের অভিযাত্রী দল কে, ওই উদাস 
নাবিকের হাতে দিলাম তুলে 
স্বপ্নের মাস্তুল, প্রণয়ী
পালের কাপড়,
নিঃশ্বাসের
দড়ি  দিয়ে  বাঁধানো দেহের  নোঙর, জীবন 
ছিল চার প্রহরের লঘু কাহিনী, তারা 
টেনে ছিঁড়ে করে গেছে অসমাপ্ত 
উপন্যাস, যতই ডুব দিয়ে 
গেছি দেখি শুধুই আর্দ্র 
অন্ধকার, তলের 
সরে যাওয়া,
ক্রমশঃ নিখোঁজ ভালবাসার হারানো প্রদেশ !
অবশেষে সন্ধানের অভিযান গেছে থেমে,
একে -একে যাত্রীরা গেছে নেমে,কার 
গন্তব্য কি বা ছিল বুঝতে পারি নি 
জীবন, শুধুই হাত ঝাঁকুনি, 
মনের মিলন ছিল এক 
অদৃশ্য মরিচিকা, 
তাই গোটা
জীবনে  নিঃশ্বাসের আদান প্রদান, দেহের 
বিনিময়, সব কিছুই নৈসর্গিক কিন্তু 
নৌকা ডুবির জীবন্ত বলি 
বলতে একমাত্র আমি
ছিলাম, তারা 
সবাই উঠে গেছে ঘাটের সিঁড়ি হতে দেউলের  
মুখ্য দ্বারে - - 

- - শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING : Storm at Sea on a Moonlit Night - Ivan Aivazovsky 

সোমবার, ৩০ জানুয়ারি, ২০১২



সে ধরা দিতে চায় না - - - 

বাসন্তী হাওয়ায় এখনো মিষ্টি শীতের ছোঁয়া,
তাই মনের বাতায়ন খুলতে কিছু ক্ষণের 
বিলম্ব, তার দেহের গন্ধে সমুদ্রীয় 
সমিরণের আভাস, ছুঁতেই 
যেন লজ্জাবতী লতার 
আত্ম কুঞ্চিত ভাব,
আবেগের কোষে নিজে কে গুটিয়ে রাখার 
বিফল চেষ্টা, কিংবা জাফরান ফুলের 
চাপানো শুকনো আবেশ, কাছে 
টানার গুণপনা অথবা দূর 
হতে শুন্যে ঝুলিয়ে 
রাখার দক্ষতা, 
প্রায়  মুকুলিত আম্রকুঞ্জে নিশুতি রাতে, ওই 
প্রবাসী কোকিলের ডাক, জাগিয়ে যায় 
প্রসুপ্ত মন প্রাণের পৃথিবী, কচি 
স্বপ্নের মাটি নিয়ে খেলে
রয় প্রণয়ের শিশু,
সারা রাত 
জীবন খুঁজে বেড়ায় তার গোপন ক্রীড়াস্থল - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

   



রবিবার, ২৯ জানুয়ারি, ২০১২


প্রকৃতি ও পুরুষ 

মানুষের মন খুবই চঞ্চল, ধরে রাখতে গেলেই 
বিপদের আমন্ত্রণ, সম্পর্কের সততা কত 
খাঁটি, কত ভেজাল ! অনুভূতি ছাড়া
শুধুই কাহিনী, তাই ঘনিষ্টতার 
পূর্বেই জানিয়ে গেছি স্পষ্ট 
ভাবে নিখুঁতের
পরিভাষা, 
তার বিদ্রুপ হাসি আর বড়শির টোপের মাঝে 
অন্তর যেন মায়ক্রোইস্কপিক, 
সূক্ষ্মাতিসূক্ষ্ম, কিন্তু 
কোথায় যেন
ব্যক্তিত্ব 
হতে ছদ্ম আবরণ নিজেই খসে পড়ে,যখন 
জ্ঞান ফিরে আসে, তখন বানের
উন্মাদিত জলরাশি ভেঙে 
গড়িয়ে গেছে বহুদূর, 
ওই প্লাবিত ভূমি 
খণ্ডে শুধুই 
বিয়োজিত পচনের গন্ধ, বিতৃষ্ণার আভাস !
পলকা মুহুর্তে তার পুরুষত্বের প্রতি 
আহ্বান, দুর্বল হৃদ স্থলে নিঃশব্দ  
আঘাত, পরাভূতের 
স্বীকারোক্তি 
আদায় করা, জলে ডোবা বনস্পতির গায়ে 
রাত্রি শেষে নতুন পল্লবের গজানো,
নোংরা জলের অপসৃত হওয়া,
প্রকৃতির ও পুরুষের সেই 
আদিমযুগীন সন্ধি 
জটিল কিন্তু 
মধুর উপাদান, জলের বাহিরে উঠিয়ে দুই মুখ 
প্রাণ বায়ু গ্রহণ করে চলেছে - - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
ART BY DANIEL J TOWSEY 

শনিবার, ২৮ জানুয়ারি, ২০১২

বন্ধ জানালার পার্শ্বে

দক্ষিনমুখী জানালার ঠিক কাছেই ছিল 
মাটির পুতুল, কাচের খেলনা, দামী 
আতরদানী, পুরাতন বইর পৃষ্ঠে 
লুকানো গোলাপের কঙ্কাল !
মেঘ বাদল বিহীন 
রাতে ভাঙলো
মনের জাদুঘর, বিক্ষিপ্ত প্রতিধ্বনি, 
নিঃশব্দ আরশির ভাঙন, প্রদীপ্ত 
শিখার আকস্মিক নিভে 
যাওয়া, পরিচিত 
পদধ্বনির 
ক্রমশঃ শব্দহীনতা, রাতের সেই নিস্তব্ধতায় 
তারক বৃন্দের যেন সামূহিক নিমজ্জন,
আলোর টুকরো, রাত করে চলেছে 
সংগ্রহ, দিগন্তের আলনায় 
সাজিয়ে রাখছে
জীবন কিছু 
বিছিন্ন  মুহূর্ত, চাঁদের বিলুপ্তির সঙ্গেই আঁধার 
এখন মোহাবিষ্ট, যাযাবর প্রণয়ের 
নীল আলো নিয়ে জোনাকিরা 
উড়ে গেছে দূর অরণ্যে, 
উষ্ণ নিঃশ্বাস খুঁজে 
শিশিরের 
ঠিকানা, আহত মন প্রাণ চায় এমন সময়ে 
এক রাশ ভালবাসার সান্ত্বনা, বুকের 
মাঝে লুকিয়ে রাখার প্রতিশ্রুতি,
স্মৃতির জানালা কে টেনে 
বন্ধ  করা, কম্পিত 
অধরে নিয়ে 
তৃষা  অনেক কাছে আসা, এখানে জীবন চায় 
মরুদ্বীপে পুনরায় হারিয়ে যেতে - - 

--- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১২

অপঠিত সংকেত লিপি

প্রতিবন্ধন কিছুই ছিল না, অনায়াসে তাই সে 
করে গেছে হস্তগত, জীবনের সেই মুক্ত 
ছন্দের কাঠামো তৈরী করতে 
গিয়ে তার আন্তরিক 
সৌন্দর্য্য গেছে 
হারিয়ে,
কতিপয় আদর্শের আবরণ ঢাকার সেই ব্যর্থ 
চেষ্টা, প্রেমের মূল স্বরূপ পরিশেষে হয় 
উঠেছে গোলকধাঁধা, আলোর 
যাত্রী গেছে হারিয়ে তামসী 
আলোড়নে, হৃদয়ের 
সেই মিলন 
বিন্দুর বাহ্য পরিধি ঘিরে এখন উদ্দীপ্ত অগ্নি 
শিখা, অদৃশ্য কিন্তু উদ্দাম জ্বলনশীল,
চোখের পরশে তার পিপাসার 
পরিপূর্ণতা, এই পরিভাষা 
এখন পুরাতন !
মান্ধাতার আমলের সেই মান্ত্রিক প্রণয়ের দিন 
উঠে গেছে বহু কাল আগে, উন্মুক্ত 
জীবন চায় স্বচ্ছন্দ ভালবাসা,
জৈবিক ভিত্তিক সমর্পণ, 
দর্শনের ছদ্ম ভাষায় 
লিপ্ত ভণ্ডামির 
জগত থেকে দূর সরে চলেছে তাদের পৃথিবী.

-- শান্তনু সান্যাল
Geometry_of _Love_paintings



বুধবার, ২৫ জানুয়ারি, ২০১২


প্রতিচ্ছায়ার পরিচয় 

প্রায় সে আসে, মাঝে সাঝে, দেখা করতে  আমায়, 
এই তো সে দিন, আর্দ্র সাঁঝে, হাতে ছেঁড়া ছাতা,
পায়ে কম  দামের প্লাস্টিকের চটি,  চোখে 
মোটা কাচের চশমা, ভাঙা ফ্রেমে 
আটকানো, ঠিক কার যেন 
মায়া তে ফেলানো মন,
মুখে ছাইরঙ্গী হাসি 
নিয়ে হুট করে  সে হাজির ! শুধালাম " হঠাৎ
অনেক দিনের পরে, বোধ হয়  রাস্তা 
ভুলে - - - " ময়লা পাঞ্জাবির 
গলা ঠিক করতে করতে 
ফিকে হাসির সঙ্গে 
কি যেন 
বললেন, হয় ত এক দিন অবসরে ওই হারানো
 লিঙ্কটি খুঁজবো, তার টাক মাথার দুই 
প্রান্তের  কাঁশ বন হাওয়ায় দুলছে,
ছাতার দিকে এক দৃষ্ট চেয়ে 
বললেন " এই ত জীবন, 
তুমি তবু ও আমায় 
চিনতে দ্বিধা 
কর না, এমন কি আমাদের বাড়ির আয়না 
পর্যন্ত  ভুলে গেছে আমার চেহারা, অবাক 
হয়ে  চেয়ে রয় নবজাতক দৃষ্টিতে, 
তার ওই  চাহনিটি করে যায় 
ভীষণ ভাবে অন্তরতম 
আহত, কিন্তু 
করার কিছুই নাই " অর্ধ ভাঙা ওই নেমপ্লেট 
টাই  ধর, অনেক সময় জিজ্ঞেস করে 
আমার ঠিকানা আমার কাছে, 
তাই ঘুরে বেড়াই এখানে 
সেখানে, বলতে 
বলতে চোখের দুই কোণে বিন্দু বিন্দু বাষ্প 
জমে চলেছে,  পুরাতন গানের ঘেসা 
রেকর্ডের মতন তার অস্তিত্ব 
একই  বিন্দু একই সুরে 
যেন বারে বারে 
যায় থেমে,
মাঘের কম্পিত সকাল, গায়ে বহু ছিদ্রিত শাল !
বুকের হাড়ের উপরে জমে চলেছে, শ্বেত 
লোমের পথে  ছড়ানো তুষারের বহু 
অদৃশ্য  কণা, নিজের জীবনে 
নিজেই অপরিচিত হয়ে 
যাওয়া, এমন 
কোনো অস্বাভাবিক ঘটনা নয়, আমার ছায়ার 
পরিচয় কিছুই নয়, যত দিন নিঃশ্বাস
সে প্রশ্ন করবে আমায়, জানতে 
চাইবে নিজের মূল্য, 
সার্থকতা,
আর আমি তাকে এক কাপ চা খাইয়ে কাটিয়ে 
দেবার চেষ্টায় থাকব চিরদিন - - - 

- - শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting source - old-man-in-tavira-painting-portugal