সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

নদীর তীর পরিবর্তন - -

বুকের ঊষর ভূমি চেয়ে ছিল ক এক ফোঁটা জল, 
ক এক দিনের মেঘের ছায়া, অনুরাগের 
ঝড়ো সন্ধ্যা, উটকো বন্য ফুলের 
আবেশিত গন্ধ, ক্ষণিক 
ভালবাসা, কিন্তু 
সব কিছু 
কি পাওয়া যায় ভাবলে, কিছু না কিছু অশেষ -
থেকে যায় অতীতের লাজুক পৃষ্ঠায় !
পূর্ণতা হলেই ত শেষ জীবন, 
কিছু চন্দ্র বিন্দু, কিছু 
অল্প বিরাম, 
কিছু যুক্ত অযুক্ত শব্দের ভুল বানান, কবিতার 
বুকে ছড়িয়ে রয় ভাঙা ঝিনুকের রং মেখে,
নিখুঁত জীবনের সংজ্ঞা বইর সুন্দর  
মলাটের সাথে যায় ছিঁড়ে, 
বিবর্ণ অস্তিত্ব খুঁজে 
প্রেমের অর্থ 
সময়ের 
অভিধানে, দেহ তখন শঙ্খ খোল, পরিত্যক্ত পড়ে 
রয় বালুর বিছানায়, সকাল তখন নদী 
সরে যায় অন্য পারে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by MAXFIELD PARRISH 

চার দেয়ালের বাইরে - -

উদাসীনতার কারণ বলতে পারি নি মন,
সে দাঁড়িয়ে ছিল অনেক ক্ষণ, ঠিক 
পূর্ব সিদ্ধান্তের অনুযায়ী,
পুরাকালীন ভগ্ন 
দেউলের 
প্রাঙ্গনে, সব কিছুই ছিল সাব্যস্ত, সুদুর -
অজানা অঞ্চলের প্রস্থান, আবরণ 
বিহীন দেহ, বিছিন্ন ভাবনা, 
মোহ মুক্ত হৃদয়, 
ফিরে না 
আসার মৌন অঙ্গীকার, অলৌকিক এক 
অনুভূতি, নিঃশব্দ পায়ে জীবন 
ডিঙিয়ে যেতে চেয়ে ছিল 
দোরগোড়ার 
সীমানা, 
কিন্তু বহু বার বিফল প্রেচেষ্টা, এক পা ও 
এগিয়ে যেতে দেয় নি চার দেয়ালের 
অনুরাগ, বিহানের সঙ্গে হয় ত 
পথ চেয়ে সে ফিরে গেছে,
দিগন্তের পথে 
একাকী,
যথারীতি পুনরায় জীবন করে গেছে নব 
বিশ্বাস ঘাতকতা, বুঝিয়ে দিয়েছে 
প্রবুদ্ধ হওয়ার বাস্তবতা !
* * 
- শান্তনু সান্যাল 
art by VICTOR BREGEDA 

রবিবার, ৭ এপ্রিল, ২০১৩

বহুরূপ দর্শন - -

ওই তীর ডগা নজরে জানি না কি যে ছিল -
লুকানো, সামলাতে না সামলাতে 
গিয়ে দেখি, বক্ষঃস্থলের 
অপর পার গেছে 
সেই তির্যক 
রেখা !
হৃদয় ফলকে এঁকে বেদনার ত্রিকোণ জ্যামিতি, 
তার চাপা হাসির মাঝে কিসের যেন 
মধুর ধ্বনি গুঞ্জরিত, বুঝে 
উঠতে গিয়ে দেখি 
ভুলে গেছি 
নিজস্ব 
ঠিকানা, ফিরে আসি বারে বারে,একই স্থানে !
তার চোখের গভীরে  অসংখ্য জলজ 
বনস্পতির জালিকা, কমল নয়ন 
ধরতে না ধরতে, জীবনে
বহু নিমজ্জনের বিপদ,
সে এক বিচিত্র 
প্রহেলিকা, 
যতই কাছে যাও অতই যায় দূরে অতলে সরে,
আবর্তনের ভিতরে বহু আবর্তনের
পেঁচ,লহরে লহরে রহস্যময় 
ঘাত, গ্রন্থি প্রতি গ্রন্থি 
প্রণয়ের বহুরূপ 
দর্শন - - 
* * 
- শান্তনু সান্যাল 


art by Raymond Doward

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৩

খোলা দরজা - -

এই জীবন ঘিরে আছে কত যে ভাঙা গড়ার - 
কাহিনী, যোগ বিয়োগের ইতিবৃত্ত !
বসন্ত ঝড়ের পরিপূরক,
হৃদয়ের পলকা 
ভূমি যেন 
মৌন 
সাক্ষী, তবুও সন্ধ্যার সঙ্গে ভাবনার এলোমেলো 
ভগ্নাবশেষ, ভরে নিতে চায় কিছু যাযাবর 
বুনো গন্ধ, খুলে রাখতে চায় অর্ধ 
স্খলিত মনের সদর দরজা, 
প্রেম নাকি মাঝে 
মাঝে দমকা 
হাওয়া,
যদি ফিরে যায় দ্বার হতে, তাই লিখে রেখেছি 
দোরগোড়ায় উদ্ভাসিত শব্দে, সুরভিত 
কবিতার স্তবক, ভুল বানানের 
মাঝে জীবন খুঁজে তার 
অভিমান ভরা 
সংশোধন,
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by Liu Maoshan 

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩

অনল বলয়ের বাইরে - -


এইমাত্র ছুঁয়ে গেছে কস্তুরী গন্ধ, পরবর্তী -
মুহুর্তে জানি না কি যে আছে, এক 
অনপেখিত শীত আগুন বহে 
যায় বাতাবরণে, তার 
নয়নের জগৎ !
খুবই 
দুরূহ, কোথায় গিয়ে যে থামবে মায়াবী -
রাতের সম্মোহন, বলা কঠিন, 
আকাশ হতে ঝরে যায় 
উন্মাদিত রঙ !
বিন্দু 
প্রতি বিন্দু, জীবন দুলে রয় নাগরদোলায়,
কোন অশ্রুত মধুমাসের পরশ 
ছুঁয়ে গেছে দেহ ও প্রাণে, 
চার দিকে শুধুই 
পলাশ রঙ্গী 
ছায়া, 
সহজ নয় তার প্রণয় আবর্ত হতে মুক্তি।
* * 
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.com/
art by TONY GORTE

বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

গুপ্ত ঠিকানা - -


মাঝে মাঝে সে সন্ধ্যার নিভু নিভু আলোয়,
দেহলির প্রাচীর হতে নিঃশব্দ ভাবে,
নিশিপুশ্পের গন্ধে ভেসে আসে, 
ভরিয়ে যেতে চায় মনের
অন্তঃপুর ! হৃদয় 
তখন 
পুরাকালীন মন্দির, ভাবনার গর্ভগৃহে - - 
জেগে ওঠে সুপ্ত ঋচার আবৃত্তি,
চন্দনের সুবাসে সে লিখে 
যায় অলৌকিক 
কবিতার 
ছন্দ, জীবন হয় উঠে জ্বলন্ত সুরভিত ধূপ 
কাঠি, ধুম্র বলয়ের সাথে খুঁজে তার 
অসীম প্রেমের গুপ্ত ঠিকানা !
* * 
- শান্তনু সান্যাল 

artist Konstantin-korovin

মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

ধীর দহনের উত্স - -

নীল আঁধারে খুঁজে মন, তার চোখের গভীরতা -
ওই স্পর্শ গন্ধে ছিল, কি এমন সম্মোহনের 
কবচ, জীবন হয়ে যেতে চায় যেন 
আপন - ভোলা, ভুলে যেতে 
বাধ্য সব কিছু, নিজস্ব 
ছায়া, এমন সময়ে 
মনে হয় 
অপরিচিত, প্রতিবিম্বে ভেসে ওঠে তার অপরূপ 
মায়া, শিরায় শিরায় বহে যায় নিশি -
পুষ্পের আবেশ, এক অদ্ভুত 
ঘোরে হারিয়ে যায় 
দেহ ও প্রাণ !
বসুন্ধরা তখন আকাশগঙ্গার ধরাতল, অম্বরে 
ঝুলে রয় পলাশরঙ্গী স্বপ্নের অরণ্য -
কুসুম, বিন্দু বিন্দু ঝরে যায় 
সারা রাত প্রণয়ের 
মকরন্দ !
ধীর দহনে জ্বলে রয় অঙ্গ প্রত্যঙ্গ, ঝির ঝির - - 
আলোয় তখন অস্তিত্ব হয়ে ওঠে, এক 
কৃষ্ণ সারং ! ধেয়ে যায় বিক্ষিপ্ত 
ভাবে, যমুনার তীর হতে 
গ্রাম শহর পেরিয়ে 
সুদূর ভাবের 
বৃন্দাবনে,
খুঁজে সেই ভুবন ভুলানো গন্ধের মূল প্রবাহের 
ঠিকানা - - 
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
art by Chew Yian Pin