রবিবার, ৯ এপ্রিল, ২০১৭

মহাসাগরীয় জরিমানা - -

ওই সীমান্তে যেখানে নদীর কূল যায় হারিয়ে
উচ্চ তরঙ্গ ছুঁতে চায় উন্মুক্ত পালের
উড়ন্ত আঁচল, ওই অফুরন্ত
গভীরতায় যখন সূর্য
যায় দেশান্তরে,
তখন তুমি
করে
যাও দখল বুকের জলশূন্য ভূমি।অন্ধকার -
সহসা হয়ে ওঠে অলীক সরীসৃপ, গিলে
নিতে চায় মানব সভ্যতার মিথ্যা
খোলস, মহানগরের ওই
উড়াল পুলের নিচে
তখন উলঙ্গ
সত্যতা,
ধর্ম
ও রাজনীতির মাঝে তখন আমার অস্তিত্ব -
শুধুই নগণ্য - অজানা, তারা সবাই
নিয়নের আলোয় যেন তুলসী
পাতায় ধোয়া,  ঝগঝগ -
উজ্জ্বল, তথাকথিত
মহামানব
যেন
ষোল আনা, সচরাচর, সেই মহাসাগরীয় -
জরিমানা - -

* *
- শান্তনু সান্যাল

বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

দীর্ঘ ছায়ার দেশে - -


সময়ের স্রোতে বহে যায় সব কিছু,
কচি সকালের আলো ক্রমশঃ
হয়ে ওঠে ধোঁয়াটে আর
অতীতের দিনগুলো
মনে হয় যেন
ছাই গুড়ো
ছড়িয়ে
আছে ভাঙা কাচের টেবিলে অমনি
এলোমেলো।তোমার অনুরক্তির
টান ধরে রাখে বুকের পাঁজর
অদ্ভুত ভাবে, ঠিক যেন
কাগজ ফুলের লতা
জড়িয়ে আছে
ছারখার
পুরাতন ঘরের পাঁচিল, যদিও বহু
দিন আগে ফুলের মৌসুম গেছে
হারিয়ে, রয়েছে কাঁটার
সাথে কিছু হলদে
সবুজ পাতা।
তবুও,
জীবন চেয়ে রয় ধূসর আকাশের - -
দিকে, যদি কোনো দিন,  সহসা
ঝাপসা দৃষ্টি খুঁজে পায়  ওই
নীহারিকার বিলুপ্ত জগৎ,
স্বপ্নগুলো খুবই জেদি
কোনো ভাবেই
হাল ছাড়ে
না।

* *
- শান্তনু সান্যাল




শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

চিরন্তন ধাঁধা - -

অবশ্যই, আজও মনের জানালা, উন্মুক্ত খুলে
আছে ঠিক দিগন্তের অভিমুখ, জানি না
আজও কি তুমি ভেসে যাও, ওই
উত্তাল সাগরের বুক ছুঁয়ে।
অবশ্যই বহু দিন হল
আমি শুনে নি
কড়া
নাড়ার শব্দ, জলজ পাখিদের ঝাঁক যথারীতি
উড়ে যায় দক্ষিণা আকাশে, বহুদূর - -
জানি না কোন দেশের তারা
যাত্রী, কিংবা রীতিমতো
যাযাবর, ভালই
লাগে
জানলার বাইরের জগৎ, উড়াল পুলের উপরে
উড়ো জাহাজ, আর কিছু টুকরো সাদা -
মেঘ, কিন্তু আকাশটা বড়ই যেন
ধূসর, যুগের মরচে মাখা,
শুধুই পুড়ে যাচ্ছে
জানি না
কার
অভিশাপে।সময়ের ছানি, সন্ধ্যার অপেক্ষা - -
করে না, অন্ধকার, খুবই কাছের
মানুষ, দরজা না খুলেই ঘরের 
ভেতরে নিঃশব্দে ঢুকে
পড়ে। অবশ্যই
আজও মনে
হয়
কোথায় যেন তরঙ্গিত আছে প্রেমের কূল বিহীন
সরোবর, কাজেই উদ্বেলিত করে যায় মাঝে
মাঝে, অদৃশ্য কপিঞ্জলের চিৎকার - -
আর ভেসে আসে সুদূর হতে
সজল মানসুনি সমীরণ।
ধীরে - ধীরে
নিঃশ্বাসে
আমি
খুঁজে পাই অনেক কিছু, জীবন যথারীতি হয়ে - -
ওঠে তখন প্রতিষেধক, আর ভুলে যেতে
চায় হিসেবে - নিকেশের  চিরন্তন
ধাঁধা - -

* *
- শান্তনু সান্যাল 



রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭

নিঃশ্বাসের সমান্তরালে - -

পুনরায় অভিলাষের আরোহণ, সমস্ত
অন্ধকার পেরিয়ে তোমায় ছুঁতে
চায়, উন্মাদিত জোছনার
রূপে। যদিও তুমি
এখনো লুকিয়ে
আছো
মায়ার সুড়ঙ্গে, নির্বাক, অনড় নিজের
মাঝে নিজেই বিলুপ্ত। নৈশ ফুলের
গন্ধে এখন রাত, আনন্দে
যেন আত্মহারা, আর
পার্থিব দেহ পড়ে
আছে স্থির,
ফুলের
বিছানায় একাকী, প্রাণ ছুটে চলেছে - -
তোমার সন্ধানে, পৃথিবী হতে
আকাশ পথে, অবিরাম,
অন্তহীন আলোর
স্রোতে, খুব
সম্ভব - -
শেষ প্রহরের কিছু আগে, তুমি ফিরে
আসবে নিঃশ্বাসের সমান্তরালে।

* *
-  - শান্তনু সান্যাল 



রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

গন্ধের ছোঁয়া - -

তোমার সীমাহীন অভিলাষ, আর নিশীথের
একটানা বৃষ্টি, দু জনের মিলন বিন্দুতে
ভেসে ওঠে শেষ রাতের ঘনীভূত
কুয়াশা, কাঁচা হলুদরঙ্গী
সকালের আলো,
জানালার
পারে
খুঁজে চলেছে কিছু অপ্রকাশিত কোণাগুলোর
কাহিনী।আনাচে কানাচে, এখনো ভেসে
আছে খুবই পরিচিত গন্ধ, অবশ্যই
হাসনুহানার সাথে মিলে মিশে,
তারা একাকার, ঝুলন্ত
ওই ফুল ওয়ালা
চাদরে
কোথায় যেন লুকিয়ে আছে সিক্ত ভাবনার
ভাঁজ ! পুরোনো খোলা আতরের শিশি
ও উদলা দেহের মাঝে সম্ভবত
আছে এক মৌন অনুবন্ধ।
গন্ধের ছোঁয়া ভাবটা
থেকেই যায়
অন্তত।
* *
- শান্তনু সান্যাল




শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

নিরুদ্দেশ সকাল - -

বেলাশেষের যতটুকু আলো ছিল রেখেছি
বুকের পুরাতন পাঁজরে, কে জানে
কোথায় যে জীবনে, আঁধার
ঘনিয়ে আসে।অবশ্যই
তুমি আবার আজ
স্মরণ করিয়ে
গেছো
কিছু বিলুপ্ত অনুরাগের কাহিনী, নেপথ্যে
আবার শুনি, কার যেন চাপা কান্নার
শব্দ, অঝর বৃষ্টিতে প্রাণ খুলে
জীবন এখন বিদূষকের
ভূমিকায়, নামতে
চায় নিজের
ইচ্ছায়।
তুমিও যায় ফিরে, সবাই যায় ফিরে, এই
ফিরে যাওয়াটাই হলো নগ্ন সত্য,
এখানে নালিশের সংজ্ঞা
নিছক অর্থহীন,
শুধুই জোর
করে
একে অপরে অনিচ্ছায় বেঁধে রাখা, তাই
তুমিও, যতটুকু ভালোবাসা আছে
সামলিয়ে রাখো কিছু নিজের
বুকে একান্ত ভাবে, নিজের
জন্যে, কে জানে কত
যে দীর্ঘ এই ফিরে
আসার পথ,
এখনো
রাত পোহাতে অনেক বাকি, সকালের - -
দূর দূর নেই কোনো হদিশ।

* *
- শান্তনু সান্যাল






রবিবার, ৭ আগস্ট, ২০১৬

ভেতরের নিঃসঙ্গতা - -

চলো আজ হেঁটে আসি, শিকলমুক্ত পায়ে।
জনাকীর্ণ শহর হতে বহু দূর যেখানে
পাখিরা বাসা বাঁধে, আকাশটা
ভেসে ওঠে ঝিলের গায়ে।
তোমার মুখচোরা
ওই নিঃশব্দ
আবেগ,
যেন মুখরিত হতে চায় পুনরায়ে।চলো
আজ ভুলে যাই সমস্ত মনের দ্বন্দ্ব,
পাওয়া না পাওয়ার যত সব
হিসেব - নিকেশ, যখন
সব কিছুই এখানে
নিমিষের
খেলা !
তখন কি বা হবে সাজিয়ে অভিলাষের
অফুরন্ত  মেলা।যদিও চারদিকে
ভিড়ের জমাট, তবুও তুমি
কিংবা আমি, নিজের
মাঝে আছি নিজে
খুবই একেলা।

* *
- শান্তনু সান্যাল