বুধবার, ৩ জুলাই, ২০১৩

কোলাহলের সমাপ্তি - -

সে আবার বাঁধতে চায় বিছিন্ন নীড়, মেঝের 
উপরে ছড়ানো আছে কিছু শিমুল তুলো,
সুক্ষ্ম কাঠি, কিছু জবজবে স্বপ্নের 
এলোমেলো টুকরো ! ওই 
চেনা পাখির 
কিচিরমিচির ধ্বনি মাঝে কোথায় যেন মন -
খুঁজে ছেঁড়া পাতার হারানো কবিতা, 
পুনরায় হৃদয় গড়তে চায় 
পাগল তরঙ্গের কাছে 
বালির দুর্গ !
সন্ধ্যার খামখেয়ালীর সাথে অন্ধকার ক্রমশঃ 
আনতে চায় তাকে বুকের অনেক 
কাছে, আবার নিঃশ্বাসে 
চেনা গন্ধ ! ঘর 
বাঁধতে 
আগ্রহী, এখনো শীত কাল অনেক দূরে, তবে 
জানি না কেন মনে হয়, নিশি পুষ্পের
গন্ধ, ভরে চলেছে অন্তরতমের 
শুন্যতা, কে যেন দিয়ে 
যায় পরিচিত 
ডাক -
উঠোনের পিয়াল শাখায় এখন কলরব প্রায় - -
মিমাংসিত - - 
* * 
- শান্তনু সান্যাল 
stockbridge window boxes by david lloyd glover

মঙ্গলবার, ২ জুলাই, ২০১৩

মৃগনাভি - -

নিষ্পলক আমি চেয়ে রইলাম তার ওই 
প্রায়শই তট বদলানো মনোভাব !
সকাল ও সন্ধ্যার মাঝে 
আকাশ পাতাল,
তবু ও 
জানি না কি যে আছে তার গভীর - - 
অনুরাগে, পা যেন নিজে নিজেই 
এগিয়ে যেতে চায় ওই 
অদৃশ্য নদীর 
বুকে !
সে এক চেহারা অনবরত স্মিত, ফেলে 
যায় রহস্য - বলয় আমার নিরীহ 
প্রণয়ে ! তার ছলচাতুরীর 
মাঝে রয়েছে কিছু 
আবেগী 
বুনো গন্ধ, জীবন ভুলে যায় সহজে ওই 
কাঁটা ভরা পথের ব্যথা বেদনা, 
ধেয়ে যেতে চায় কৃষ্ণ -
মৃগের মত 
কস্তুরী 
গন্ধের পিছনে, নদ নদী পাহাড় অরণ্য 
ডিঙিয়ে ! সন্ধানী চোখ খুঁজে 
পায় না কিন্তু কোনো 
ভাবে ওই গুপ্ত 
উদ্ভব 
স্থান ! নির্বাক দেখে নিজস্ব প্রতিবিম্ব - -
জলদর্পণে, তখন অন্তর্মনের 
নাভি অদৃশ্য হয়ে 
যায় নিমিষে !
* * 
- শান্তনু সান্যাল 
Wildflower - artist jeanne forsyth 

সোমবার, ১ জুলাই, ২০১৩

অন্তরের উজ্জ্বলতা - -

বহিঃস্থ উজ্জ্বলতার পিছনে যায় দৌড়িয়ে 
সমস্ত পৃথিবী ! প্রকৃত সৌন্দর্য্যের 
নিয়তি, শুধুই নেপথ্যের 
আঁধার, তবুও 
মনের 
ভিতরে জেগে রয় ক্ষুদ্র মাটির প্রদীপ - - 
জ্বলে দিবা নিশি, নিয়ে বুকে 
একরাশ পারদর্শী 
আলোর 
শিখা, চোখের পথে এস কোনো দিন কি -
এখনো জীবনে আছে কিছু অদেখা 
স্বপ্নের সম্ভাবনা, এখনো 
হৃদয় চায় মাটির 
কিন্তু খাঁটি 
সোনার 
মানুষ, যে অগ্নিপথের সহযাত্রী হবার - -
ভাবনা রাখে মনে, গড়তে চায় 
অনুরাগময় অদ্বিতীয় 
পৃথিবী - - 
* * 
- শান্তনু সান্যাল 
empty-vase art by Ankika 

রবিবার, ৩০ জুন, ২০১৩

কিছু অস্পষ্ট প্রতিফলন - -

কিছু অস্পষ্ট প্রতিফলন প্রায়ই দেখি তার 
ভাবনার আলো ছায়ার মাঝে !
মনে হয় সে যেন কোথায় 
ভালবাসে আমায়, 
কিংবা 
মরীচিকার পিছনে আমি ধেয়ে যাই - - 
অলীক আড়ম্বরের বশীভূত !
নিয়ে শুন্য বুকে অজানা 
ছায়াপথের মায়া, 
অথবা 
সুদূরের কোনো এক মরুদ্যানের সমীরণ 
ভরে যায় দগ্ধ হৃদয়ে কিছু ক্ষণের 
শ্রাবণী আভাস ! অদৃশ্য -
পরশ ছুঁয়ে যায় 
বারংবার 
আমার অভিশাপিত জীবন, নিয়ে চোখে 
নবজন্মের বরদান, রেখে যায় 
নিঃশব্দ ভাবে, শেষ প্রহরে 
কিছু স্বপ্নীল উপহার,
আমার মনের 
দ্বারে - - 
* * 
- শান্তনু সান্যাল  

শনিবার, ২৯ জুন, ২০১৩

নদীর আলিঙ্গন - -

রাত্রি আসে যায় নিজের লয়ে, ওই নিঃশ্বাসের 
ওঠানামার মাঝে জীবন তরণী ভেসে 
যায় স্বপ্নীল উজানের প্রবাহে !
সুদুর অন্ধকারে সে 
এক ভাসন্ত 
নীল আলোর দ্বীপ, অথবা তোমার প্রেমের - 
অবুঝ কিছু আশার প্রদীপ, জ্বলে রয় 
সারা রাত নিয়ে বুকে ভোরের 
মিলন বিন্দু, তীরের 
জোনাকিরা  
কথা কয় মৌন ভাষায়, শান্ত নদীর তরঙ - -
চেয়ে রয় নির্বাক, উড়ন্ত আলোকিত 
ডানার মায়া, তোমার স্পন্দনে 
জেগে থাকে আমার 
কবিতার 
কিছু জীবন্ত বর্ণমালা, কিছু এলোমেলো চন্দ্র 
বিন্দু, কিছু আবছা বিসর্গ ! তুমি 
খুঁজে চলেছ আমার দেহ ও 
প্রাণে ক্রমশঃ নোঙ্গর 
স্থান, আমি 
তখন 
সরে যাওয়া তীর ভূমি দৌড়িয়ে ছুঁতে চাই - -
তোমার অস্থির তরী !
* * 
- শান্তনু সান্যাল 

জুড়ান বিন্দু - -

অনেক দিনের জমানো মেঘ যেন ঝরে যেতে 
চায় অবিরাম লয়ে, শতবর্ষের তৃষা 
নিয়ে উন্মুক্ত বুকে চেয়ে 
আছে দগ্ধ পৃথিবী !
আকাশের 
দিকে,
তার প্রেমের গহ্বরে লুকিয়ে আছে জানি না -
কত যে গোপন অগ্নি পথ, কত যে 
প্রসুপ্ত আগ্নেয় গিরি ! ওই 
ভূমিগত এঁদোগলির 
নির্গত দ্বারের 
ঠিকানা 
কেউ জানে না, শুধুই এক অনুমান, সঘন 
তিমিরে, জীবন খুঁজে জুড়ান বিন্দু,
দেহ ও প্রাণের বাহির সে 
এক শাশ্বত প্রণয়ের 
শীর্ষ স্থান !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Le Tramway a Lille

শুক্রবার, ২৮ জুন, ২০১৩

আত্ম সুরভি - -

ওই ভাবে নিজে কে উজাড় করে ভালবাসা 
চাই নি আমি, কিছু নিজের জন্য 
আত্ম সুরভি যদি রাখো !
ক্ষতি কি, তোমার 
ওই দুর্বলতার 
আড়ালে 
জীবন দাঁড়িয়ে রয় নিরুপায় সেটা ত আমি 
চাই নি, এমন একটা পরিকল্পনা যদি 
হত, যেখানে প্রেমের সংজ্ঞা 
নিত অন্তরিক্ষের 
বিশালতা !
তোমার চোখের সেই সামুদ্রিক গভীরতায় 
হয় ত ভেসে উঠত বহুমূল্য ভাবনার 
রত্ন মাণিক ! করে যেত নীল 
আলোর উন্মুক্ত 
অনুদান,
উদ্ভাসিত সেই প্রতিফলনে হয় ত আমার -
দেহ ও প্রাণ হয় উঠত নির্মল জলের
মত আলোকভেদ্য - - 
* * 
- শান্তনু সান্যাল 
unknown source art 8