মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

শুভ রাত্রি

অপ্রতিম সান্ধ্য গগনে সে
ভেসে উঠে নীলাভ
বেগুনি রঙ্গে,
স্বপ্নের
নিরুপম বিরল তারক -
লিখে যায় মিলন
বিরহের
গান,
ফুটে উঠে রজনীগন্ধা,
তার অনুরোধে
ঝরিয়ে রয়
মৌ গন্ধ,
সারা রাত চেয়ে থাকে
গগনের উন্মুক্ত
বিস্তীর্ণ বক্ষ
এক দৃষ্ট,
রাত্রি শেষে ঝরে শিশির
কণা, বিন্দু বিন্দু
ভরে যায়
জীবনের
রিক্ত ভাবনার ধরাতল.
-- শান্তনু সান্যাল


নিশীথ রাতের রহস্য

আজ কবিতা নয়, যদি বলি কাহিনী শুনবে কি,
এই কাহিনীর কোনো শীর্ষক নাই, নামহীন !
শুধুই অনুভব করতে হবে, মনের ভিতরে, সে
এখন পাশ ফিরে চেয়ে রয়েছে আমার দিকে,
তার নিঃশ্বাসের ওঠা নামার মাঝে থেমে আছে
জীবনের কিছু অতীতের ছেঁড়া, নোংরা পৃষ্ট,
বুকে আলতো ভাবে হাত রেখে সে শুনতে চায়
সব কিছু, ভূমিকা না বেঁধে সরাসরি আমি
খোলা জানালার বাইরে এক নজর দেখে বলি -
 সে দিন ও ছিল এমনি এক জবজবে রাত,
বাইরে তখন সঘন মেঘের বর্ষণ,আকাশ যেন
ভেঙে পড়তে চায়, শ্রাবণ কি ভাদ্র মনে নাই,
দেখি সন্নিধির সান্দ্রতা ঘনিয়ে চলেছে ক্রমশঃ,সে
এখন প্রায় বিজড়িত, কিছু ক্ষণের নিরবতা,
"তারপর -- বল না, কি হলো ঘুমিয়ে না কি "
হটাত মধ্য রাতে,ওই ১২ টা বা  দেড় টা হবে -
সঠিক মনে নাই,দরজায় কড়া নাড়ার শব্দ, ঠক
ঠক -- সে এখন আলিঙ্গনবদ্ধ,তারপরে, কিছু
মুহূর্তের বিরতি, আমি জানতে চাইলাম কে
আছে বাইরে,নিশীথ রাতে এই ভাবে কি দরজা
খোলা উচিত, "কি উত্তর পেলে " সেটা খুব
একটা মনে নাই,কিন্তু --"কিন্তু আবার কি হলো,
দরজা খুলে ছিলে," সে এখন বাহুপাশ খুলে
দিয়েছে,মুক্ত হরিণী খুঁজে চলেছে কস্তুরীর গন্ধ,
আলো জ্বালিয়ে জানতে চায় কাহিনীর
উপসংহার, আমি যখন সৃজনের শিল্পী, রহস্য
তো আমার হাতে, শবাধার ঢেকে দিয়েছি,
বাইরে সে দিনের মতন বৃষ্টি এখন থেমে রয়েছে,
ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে, আবার, তারপর
কি ঘটল,কে ছিল,কি হলো নানান প্রশ্নের মাঝে
দিনের আলো ছড়িয়ে গেছে চার দিকে, তার
কৌতুহলের মাত্রা কমী নি কোনো ভাবে,
আমি ও চাই যে রহস্যময়ী রাতের কাহিনী
যেন এই ভাবে টেনে আনুক তাকে নিকটতম !

-- শান্তনু সান্যাল 

 





সোমবার, ২৮ নভেম্বর, ২০১১


দরজার আড়ালের শিশু 

প্রত্যাশার ফর্দ নিয়ে সে দাড়ানো, খোলা 
দরজার মুখে, মৃদু জোছনা পথ খুঁজে
পায় না, উঁকি দিয়ে চলেছে 
ভীরু ভালবাসা, তার 
প্রণয়ের জগত -
খুবই 
কঠিন, হৃদয় এখানে কেবল ছায়াচ্ছন্ন 
বস্তু, স্বপ্নের কোনো পরশ পাথর ! 
তার নথিবদ্ধ তালিকায় 
সেটা অন্তিম ক্রমে, 
দরজার 
আড়ালে লুকানো, যেন ডানপিটে শিশু,
সেই ক্রমবদ্ধ তালিকার প্রথমে 
আছে গহন অন্ধকার, 
তাই ঘরে ঢুকে 
দিয়েছে সে 
কপাট, 
সেই  ধড়াস শব্দে ফিরে গেছে জোছনা, 
ভয়ভীত চোখে ভালবাসা এখন 
অন্ধকারে খুঁজে নিরাপদ 
আশ্রয়, ঘামিয়ে 
উঠেছে 
এতক্ষণ উত্তরীয় বিহীন দেহের ঊর্ধ্বস্থ 
ভাগ, উদ্দীপ্ত আঙ্গুলের মাঝে 
অস্তিত্ব এখন বিক্ষিপ্ত 
প্রাগৈতিহাসিক
মানুষ, 
সে ভুলিয়ে দিয়েছে নিমেষে উধাত্ত শিশু !
খেলে চলেছে সে এখন বুক হতে 
সমস্ত শাখা প্রশাখার ভুবন,
পরিপূর্ণ ভাবে দেহের 
শিকড় এখন 
তার 
নিয়ন্ত্রণে, ভাঙা গড়া  শুধুই তার হাতে,
আমি জিজ্ঞাসু চোখে চেয়ে রয়েছি 
ঝকমকে ভাটার দুরে সরে 
যাওয়া অপরূপ রূপ, 
উড়ন্ত কেশের
মায়া, 
ঝঞ্ঝার ফিরে যাওয়ার পথে বসে রয়েছে 
দেখি আতঙ্কিত ভাবনার শিশু,
একাকী শীতের রাতে যেন 
খুঁজে চলেছে নিজের 
ভিতরে অজানা 
আশ্রয়স্থল, 

-- শান্তনু সান্যাল
source  - vivian c. olsen 

রবিবার, ২৭ নভেম্বর, ২০১১

হার মানবো না কোনো দিন

যখন তারা কেড়ে নিয়েছ খাতা কলম
পাথরে লিখে গেছি জীবনের
কাব্য, অবহেলার পথে
দাড়িয়ে স্বীকার
করেছি
প্রতিযোগিতা, যখন তারা পুড়িয়ে
গেছে আমার বাসার ছাদ,
হয় ত সে রাতে আমি
ঘুমোতে পারি নি,
কিন্তু দেখেছি
নতুন
ঘরের স্বপ্ন, দহন নিয়ে বুকে খুঁজেছি,
স্থায়ী আচ্ছাদন, তাদের তুচ্ছ
দৃষ্টি উঠিয়ে এনেছে
আমায় শীর্ষে,
হার মানি
নি
কোনো ভাবে, প্রতি মুহূর্তে জ্বলে উঠেছি
ছাইর বুক হতে অঙ্গারের রূপে,
তাদের অট্টহাসের মাঝে
সন্ধান করে গেছি
হারানো মূল্য,
জীবনের
অর্থ, 
খাঁটি সোনা হতে চেয়েছি আমি, তারা
ধূমিল করতে পারি নি অস্তিত্ব,
তাপ্পি ভরা আবরণে
সাজিয়েছি
স্বপ্নের
রেশমী সুতায় আঁকা বাঁকা রাফু, আড়ালে
যেতে চায় নি, ভিজেছি অসহায়
বৃষ্টির অঝর ধারায়, কড়া
নাড়া দেয় নি আশ্রয়
স্থলে, ভালো
ভাবে
বাঁচার জেদ আমার ছিল বন্ধু, নিয়তির
কান্না করি নি কোনো দিন, লড়ে
গেছি জীবনের সঙ্গে অনবরত,
তাদের ভবিষ্যদ্বাণী ছিল
মিথ্যে, প্রমাণ করে
গেছে আমার
পুরুষার্থ,
সফলতার মাপদণ্ডে হয় ত আমার স্থান
সীমিত, কিন্তু মনের প্রাঙ্গণে সে
অসাধারণ, তাদের হাসির
মাঝে এখন ঈর্ষার
ক্রন্দন, কিংবা
ভুল
ভাঙনের প্রায়াশ্চিত, কিন্তু আমি একগুঁয়ে
হার মানবো না মৃত্যু পর্য্যন্ত - - -

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

রিক্ত অঞ্চল যখন আকাশ 

সেই গুহার ভিতরে গুহার অনুক্রম অশেষ 
নিয়ে চলে অন্তভৌম পথে নিরন্তর,
নজিরবিহীন জগতে, জানি 
মরিচিকার ওই কল্পিত 
বিন্দুর বিম্বে তুমি 
হাসো উন্মুক্ত 
ভাবে, 
নিশীথ রাতের নিরবতা ভেঙে, ফেকাসে 
চাঁদ হটাত তখন উজ্জ্বল, আমি 
ভুলতে চাই, সমস্ত জয় 
পরাজয়ের আকলন,
ঘাত প্রতিঘাতের 
তীব্রতা, প্রেম 
ও ঘৃণার 
সেই 
সূক্ষ্ম বিভাগ রেখায়, তোমার স্পর্শ রেখে 
যায় চুপি চুপি কিছু তাম্রবরণী ফুল 
নকল কি আসল, ধরা মুশকিল, 
কিন্তু জোছনার আলোয় 
তারা হয় উঠে
রজতনিভ, 
তখন দেখি হৃদয় সেজে চলেছে একছত্র 
অধিপতি, তুমি বাড়িয়ে চলেছ 
দুই হাত নিয়ে কৌস্তুভ মণি
খচিত কিরীট, সেই 
অভিষেকের 
লগনে 
জীবনের সাম্রাজ্য  ভরে চলেছে মরুভূমির 
শুন্যতা, অনুর্বর, পরিত্যক্ত ভূভাগ 
ভিজে চলেছে ভাবনার মেঘে, 
আমি তখন চির ঋণী 
চোখে চেয়ে রয়েছি 
অবাক তোমার 
প্রতিদান, 
আমার রিক্ত অঞ্চল হয়ে উঠেছে অকস্মাত 
তারক ভরা নীলাকাশ !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Artwork of Karen Ku - Dany's Flowers


কুয়াশাচ্ছন্ন আকাশ পথ 

এত কাছে সে রয়েছে, নিঃশ্বাসের তরঙ্গে 
দেহের ঊষর জমি টেনে রাখতে 
চায় মেঘের পরিপূর্ণ আর্দ্রতা,
শ্রাবণের অবাধ বর্ষণ,
তবু যেন মনে হয় 
ঘোলাটে 
আলোয়, হৃদয়ের মাঝে, জর্জর সাঁকোর 
প্রান্ত স্তম্ভ হারিয়ে চলেছে ক্রমশঃ 
পায়ের মাটি, স্পন্দনের
সেই চিত্র লেখে 
আমি ধরে 
রাখতে 
চাই প্রাণপণে তার বিস্ফুরিত ভালবাসা, 
কম্পিত আলেয়া ধীরে ধীরে গ্রাস 
করে চলেছে দেহের অধিকাংশ 
ভাগ, এই ভাবে গ্রহনের 
প্রচ্ছায়া মোহিত করে 
থাকে জীবনের 
গ্রহ উপগ্রহ,
তার অন্তিকে সারা রাত, নির্বাক পড়ে থাকে 
প্রণয়ের গভীর আগ্নেয়গিরি,অর্ধ সুপ্ত 
অর্ধ জাগা, তার সংকেতে ওঠে 
অগ্নিশিখা কখনো অনুগ্র 
আবার অনেক সময় 
বিস্ফোরণশীল,
শিশির বিন্দু 
কিংবা
শেষ প্রহরের ছিঁটে ফোঁটা সেই দহনে যায় 
হারিয়ে, যেমন বিহানের কুয়াশা   
ঢাকা ক্ষিতিজে, সূর্য্য খুঁজে 
পায় না আকাশ পথ, 
তার অন্তরঙ্গে 
আমি খুঁজি 
অস্তিত্বের অর্থ, প্রেমের পরাকাষ্ঠা, পুনর্জন্ম !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/





শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১


নিখোঁজ আলো 

খালি কাচের শিশির মাঝে রেখে ছিলাম, 
সেই হরিতাভ আলো, শিশুবৎ
ভাবনা, বন্দী করতে চাই 
নি, তাই ঢাকনা দিতে 
ভুলে গেছি, ঘন 
অন্ধকারে 
দেখি সেই ক্ষুদ্র আলো ধীরে ধীরে উপরে 
উঠে ডানা মেলে, উড়ে গেছে কনক
চাঁপার গাছে, তখন রাত্রি, পূর্ণ -
বর্ধিত নিশাচর ঘ্রাণের 
অঙ্কে বিলীন, 
একাকী 
বেরিয়ে এসেছি খুঁজতে সেই নিখোঁজ দীপ্তি, 
চন্দ্রবিহীন আকাশে আকাশগঙ্গার 
জোয়ার ভাটা স্থায়িত্ব দিকে, 
চেয়ে রইলাম বৃক্ষের 
শীর্ষে, হারানো 
আলোর 
পাষাণ যুগীন নৃত্য, কাচের শিশির ভাঙ্গনের 
শব্দ ! খুঁজে পাই নি আজন্ম সেই
উড়ন্ত  জ্যোতির রহস্য,
হয় ত সে ছিল 
অশরীরী
স্বপ্ন. 
-- শান্তনু সান্যাল   
firefly - J Slayton Abstract Impressionism