বুধবার, ২৩ মে, ২০১২


বিক্ষিপ্ত অনুভূতি 

সম্ভ্রান্ত থেকে বাউণ্ডুলে, কুলীন হতে কলঙ্কিত 
প্রেম সে পরিচয়হীন, শুধুই বুকের মাঝে 
জেগে রয় সারা রাত, অনবহিত 
নিজের জগতে উন্মুক্ত 
সে এক মধুর 
ভাবনা,
নির্জন আঁধারে ধেয়ে যায় ধরতে যেন নীল 
জোনাকির আলো, ভাসে নিশিপুস্পের
সুবাসে, সে যেন ভিন্ন উপগ্রহের 
প্রাণী, গভীর তমসে খুঁজে 
প্রেয়সীর ঠিকানা,
বসে থাকে 
উদ্ভাসিত ভব্য আকাশের তলে, তার বক্ষের 
উপরে ঝরে অজানা স্বপ্নীল নিহার 
কণা, হৃদয়ে জড়িয়ে রাখে 
প্রতিশ্রুতির স্পন্দন,
না নিদ্রিত নাহি 
সে জাগৃত,
শুধুই শুন্যে ভেসে রয় তার অনুভূতি, এক 
শাশ্বত প্রদীপ্ত অগ্নিশিখা জ্বলে 
আত্মার দ্বারে, দিবস 
রজনী অখণ্ডিত 
ভাবে - - 

- শান্তনু সান্যাল
EvAntArt's Blog

মঙ্গলবার, ২২ মে, ২০১২


হৃদয় সে জিততে পারি নি - - - 
খুবই সহজে দেহের পরিক্রমা করে গেছে সে, যেমন 
ইচ্ছে নিংড়িয়ে, কচলিয়ে যা কিছু নেওয়ার 
ছিল নিয়ে গেছে সে, তার হাতের 
ভিজা মাটির উচ্ছিষ্ট ; বুকে 
পড়ে রইলো অবহেলিত,
তবুও সে গড়তে
পারি নি 
অন্তরতমের ভিত্তি, তার আবেগ চক্র থেমে গেছে শেষ 
প্রহরে, ভালবাসার পলকা কাচিক পাত্র ; পূর্ণতা 
পাওয়ার আগেই ভেঙে গেছে, রাতের 
দীর্ঘ নিঃশ্বাস ও ভোরের সীমা -
লঙ্ঘন, দুই অনুভূতির
মাঝে সে ছিল 
খুবই 
নিরীহ, পরাজিত, গন্ধবিহীন ঝরা  কুসুমের  আবর্ত, 
নত জানু, নিয়ে হাতে রিক্ত পাত্র খানি, চোখে 
ভরে অনুতাপের মেঘ, যেন এক সমৃদ্ধ 
সওদাগর উধ্বস্ত দাঁড়িয়ে আছে,
সব কিছু পাওয়ার পরে ও 
শুন্য হাতে, মনের 
বহিত্র হয় ত 
ডুবে গেছে তার চোখের সম্মুখে মাঝ সাগরের বুকে - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art - Softly Sinking into the Sand by Ellie St George

রবিবার, ২০ মে, ২০১২

প্রাণী মাত্র

সে মায়াবিনী অভিসারিকা, ঘুরে বেড়ায় নিশীথ রাতে
একাকী, আম্রকুঞ্জের পথ হতে ওই দক্ষিনা ঢিবির 
আড়ালে, ঠিক জামরুল গাছের মাথায় 
যখন জোনাকিরা আসর বসায়,
সে গান ধরে কোন মোহক 
সুরে, কৃষ্ণ পক্ষের 
আকাশে 
অগুণিত তারকের দরদালানে, তখন মহা হুলুস্থুল ওঠে,
নীহারিকার সেই আলোর স্রোতে ভেসে যায় যেন 
তিন ভুবন, তার জাদুর ছলে রাত করে 
অভিনব শৃঙ্গার, মন ধেয়ে যায় 
এক অজানা, অপরিচিত 
পথে, সিক্ত পবনে 
যেন গুপ্ত 
অগ্নিশিখা বহে, দেহ ও প্রাণের মাঝে মধুর আগুনে জ্বলে, 
জীবন তখন আত্মঘাতী, আঁধার আলোর বাহিরে, 
মাংসপেশীর সত্তার আগে বিবেক যায় হেরে,
দেহ তখন চায় শল্কের স্খলন, এক 
নতুন রূপান্তরণ, আবরণ
বিহীন জীবন, এক 
পরিপূর্ণ দর্পণ,
মানুষ ও পশুর পার্থক্য তখন নিমেষে যায় কমে, শুধু
মাত্র সে তখন এক প্রাণী, পুরুষ অথবা নারী
শব্দের বিশ্লেষণ পড়ে থাকে অভিধানে,
অর্থহীন, মূল্যহীন ভাবে - - -

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


Painting by Deborah Nell 

শনিবার, ১৯ মে, ২০১২


সম্ভবতঃ 

ওই রেখাঙ্কিত ঘরে বসে মুখোমুখি অলস দুপুরে ; 
কড়ি দিয়ে, ভাবের খেলা আজ ও যায় নি 
থেমে, শালিকের দালান ঘরে ; কি 
আজ ও তদন্ত রয়েছে বাকি,
জানতে চায় আজ ও 
যে হৃদয়, 
ওই চিলেকোঠায় লুকিয়ে আছে তোমার মনের 
দুর্বলতা, আমি জানি ভালই ভাবে, ওই 
ছাউনির বুকে ঠিক কোঁচকানো
কচি লাউর ডগার মতন, 
মনমরা হয় ত আছে 
ভাবনার লতা, 
অথবা 
খুলে হৃদি তোরণ, নির্বাক চেয়ে রয়েছো সেই -
আষাড়ের ধুসর আকাশ, এক পশলা 
পড়ন্ত দুপুরের বৃষ্টি, ওই ভিজা 
মাটির গন্ধে হয় ত টের
পাবে, কোথায় যেন 
হারানো 
চিঠির ঠিকানা, অপ্রত্যাশিত আলিঙ্গনের মর্ম,
অনিচ্ছায় দূরে সরে যাওয়ার বেদনা, 
হঠাৎ যেন ভেসে যায় পুকুর 
পাড়ের কচুরি পানা, 
বুকের মাঝে 
আকস্মিক উত্তেজনা, সাঁঝের শেষে থাকবে কি 
বর্ষার সম্ভাবনা, এই মরু প্রান্তর হতে 
তা বলা মুশকিল - - - 

- শান্তনু সান্যাল
Painting by Ivan Shishkin 

শুক্রবার, ১৮ মে, ২০১২


ভোরের সমীরণে 

যথরীতি  রাত গেছে বুকে ভরে দহন চিরকালীন 
যথাক্রমে শুষ্ক মেঘ ভেসে গেছে মরু গগনে,
বৃষ্টির সাধে স্বপ্ন বেচারা চেয়ে রইলো 
সারা রাত ; মৃগ জলে ভিজা 
তার প্রতিশ্রুতি ; ক্ষণে 
ক্ষণে গেছে 
বিলীনতার পথে, বাবলার শামিয়ানা ছিল -
প্রদীপ্ত জোনাকির আলোয়, তবু ও 
আঠালো আঁধার বুকে যেন 
রইলো অত্যন্ত ভাবে ; 
সঘন জড়িয়ে 
একাকার, 
জানি না কিসের ব্যথা ছিল প্রাচ্য তারকের -
হৃদয়ে, ঠিক ভোরের আগে গেছে 
ভেঙে, গড়িয়ে পড়েছে 
দিগন্ত হতে 
সাগরে, 
হয় ত খুঁজে চলেছে সকালের ঠিকানা, এখন 
মনে হয়  সূর্য্য উঠেছে প্রেমের দেশে,
কিছু জল সমীর বহে আনছে 
শীতল প্রলেপ, বোধ 
হয় শ্রাবণী
মেঘ ছুঁয়ে তুমি পাঠিয়েছো সহানুভূতির চিঠি ;
নতুন প্রতিশ্রুতি - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

dark clouds 1

বুধবার, ১৬ মে, ২০১২

শুভ রাত্রি 
কার প্রণয় সুধা ঢেলে যায় জীবন, নির্জীব স্বাস 
তন্তু খুঁজে পায় স্পন্দন, স্বপ্নগুলো নিজেই 
ফেলে যায় সম্মোহনের জাল, রাত 
যেন ভুলে গেছে আঁধারের 
ঠিকানা, মনের পবিত্র 
ভূমি; নিশীথে
জেগে
রয় নিয়ে হৃদয়ে সকাল মুখী উজানের গান - - -

- শান্তনু সান্যাল
painting by Donna
জীবনদায়িনী গরল 

ঠিকানাই যখন গেছে হারায়ে, কিসের উদ্দেশ্যে 
জানি না, পাগল বৃষ্টি ভিজিয়ে যায় মরু -
ধরা নিজে কে উজাড় করে, মনে 
হয় সে বুঝে না অনিবারিত 
যুগের তৃষ্ণা, অথবা 
তুলেছে যজ্ঞের 
অঙ্গীকার, 
তার সেই বিস্তীর্ণ ঝরে যাওয়া, আকাশের বুকে 
রেখাঙ্কিত করে যায় উত্সর্গের কাহিনী, 
এ কেমন প্রণয়ের গরল যতই 
পান করে জীবন; ততই 
যেন বৃদ্ধি পায় 
নিঃশ্বাস,
জেগে উঠে অভিশপ্ত ভাবনা, সাজিয়ে যায় 
অপ্রত্যাশিত বাসনা, বুকে জমিয়ে 
রাখতে চায় মেঘের সঘন 
স্তর, শুধুই ঝরে 
যাওয়ার 
প্রবল প্রতিশ্রুতি, সে যেন অন্তরে রাখে অনন্ত 
দহন, বহুমুখী অগ্নিশিখার অনুভূতি,
তাই সজলতার  করে নির্মিতি,
যেমন প্রখর গ্রীষ্মের 
পরে শ্রাবণের
প্রস্তুতি !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

Artwork by Steve Hanks