বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২


বন্ধনমুক্ত 

আনত বৃন্তের নীহার বিন্দু সম তার ভালবাসা,
জড়িয়ে রইলো সারা রাত হৃদয় অঞ্চলে,
নিশিপুষ্পের আকুল ভাবনা, খুলতে
পারি নি, সুগন্ধের লাজুক 
আবর্ত, অবশেষে 
শিথিল 
জোছনা হারিয়ে গেছে অরণ্য পথে, বলতে চেয়ে
ছিল মন অনেক কিছু, কথা গুলো যেন 
বর্ষা ঋতুর শেষ পর্যায়ের, কৃশতনু 
মেঘ, উড়ে গেছে উন্মুক্ত 
নভের শুন্য প্রান্তে, 
তার নয়নের 
কবিতা 
ছিল ছন্দবিহীন,অলৌকিক ভাসমান, রহস্যময় !
যাকে শুধু অনুভব করা যায়, লিপি মুক্ত,
জন্মগত স্বচ্ছন্দ, বাঁধনহীন - - - 

- শান্তনু সান্যাল   
painting by Alfred Ng 
http://sanyalsplanet.blogspot.in/

জং ধরা বাঁধন 

সম্ভবতঃ তার মোহভঙ্গের পূর্বে ছিল আমার 
মূল্য অনেক বেশি, হাড় মাংসের বাহির,
এক শাণ পাথর, যার স্পর্শে জেগে 
উঠে হারানো চমক, তাই খুব
সুন্দর ভাবে সে করেছে 
ব্যবহার, পরে 
ডিঙিয়ে গেছে নিঃশব্দ, দুয়ার হতে পেরিয়ে 
জোছনা ভরা মাঠে, পুকুর পারে, ওই - -
নিরিবিলি কুঞ্জগলির ধারে, হয় 
ত স্বপ্নের কল্প তরু ছিল 
হাত বাড়ায়ে, জানি 
বিস্ময় বলে 
কিছু নয়, সম্পূর্ণ জীবনের অনুবন্ধ শুধুই -
শব্দগত, মৌখিক প্রতিশ্রুতি, মৌন
স্বীকারোক্তি, অগ্নি নিভার 
পরে আঁধার ছাড়া 
কেউ ছিল না 
সাক্ষী, 
তাই আর কৈফিয়ত চাইতে পারি নি, সহজ 
ভাবে মেনে নিয়েছি নিয়তির বিচার,
একাকী আগমন, নিঃসঙ্গ ফিরে 
যাওয়া, এই অন্তরালে 
কোথায় যেন 
একান্তে 
পড়ে রইলো জং ধরা তোমার ভালবাসা, অন্য 
কোনো দিন, হয় ত ভাববে জীবন - - 

- শান্তনু সান্যাল 

painting by sharon marston
http://sanyalsplanet.blogspot.in/

মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২


প্রাণপ্রতিষ্ঠা 

ওই জলোচ্ছ্বাসে ছিল ঝঞ্ঝার সংকেত অথবা 
নীরব সমর্পণের আবেগ, সাগরের 
উন্মুক্ত বক্ষে ছিল জোছনার 
ক্ষিপ্ত আবাহন, বাধা 
দিতে পারি নি 
নীলাকাশ,
তাই 
পার্থিব দেহ পড়ে রইলো দেউল চত্বরে, উড়ে 
গেছে অনশ্বর প্রণয় চিরন্তন পথে,
সুদুর জ্যোতি পুঞ্জে মিলে 
মিশে সে যেন 
একাকার,
এক 
অদ্ভুত গন্ধে অন্তর্মনের আঙ্গিনা তখন গন্ধময়,
খুলে গেছে নিজে নিজেই বন্ধ কপাট,
চার দিকে চিরন্তন শান্তির 
আভাস, শুন্য অন্তর -
গৃহে তখন 
শাশ্বত উপাসনার উদ্বোধন, নিরাকার সত্তার -
প্রাণপ্রতিষ্ঠা, নিখিল ভুবনে, নির্মল -
নিঃস্বার্থ ভাবনার উদয়,
সঘন তমস পথে 
আলোর 
আগমন, অভিশপ্ত ভাবনার পুনরূত্থান - - - - - 

- শান্তনু সান্যাল 
Thai Lotus Painting using Rising Gold Paint
http://sanyalsplanet.blogspot.in/

সোমবার, ৬ আগস্ট, ২০১২

  যুগ পেরিয়ে

 বিস্তীর্ণ বুড়ো অশ্বত্থ গাছের নীচে, দেখেছি তাকে,
একাকী ঝুলন্ত শিকড় ধরে, চেয়ে আছে অবাক, 
গঙ্গার বুকে ভেসে যাওয়া, নৌকার দূর 
বহুদূর সাগর কুলে বিলীনতা, 
ক্রমে ক্রমে খালের জল,
তখন ফিরে গেছে 
নদী গর্ভে,
সান্ধ্য আরতির সুরে, জ্বলে উঠতে চায় পরিত্যক্ত -
মাটির প্রদীপ, সন্ধি বেলায়, শঙ্খ ধ্বনির 
আড়ালে আঁধার যেন দ্রবীভূত, 
প্লাবিত করে নিতে চায় 
যুগের অন্তর্দহন 
নিমেষে,
তিমিরাচ্ছন্ন প্রাচীন দেউলের প্রাঙ্গনে, নীরবতা
ঘনিয়ে আনতে চায় তার নিগূঢ় প্রণয়ের 
কুহেলিকা, ভগ্ন প্রাচীর প্রান্তে দীর্ঘ 
নিঃশ্বাসে লিখে যায় অরণ্য 
কুসুম, কিছু পুরাতন 
ইতিহাস, 
কিছু গোঙানির অর্থ, কিছু চাপা চিত্কার, বহু 
সামন্তিক অত্যাচার, চাবুকের গর্জন,
পুরোহিতের ঘৃণা, অশ্বারোহী 
দলের মাঠ, ঘাট, খামার   
পেরিয়ে হৃদয়ের 
ফসলে 
কেটে নিয়ে যাওয়া, উধ্বস্ত জীবন চেয়ে রয় 
শুধুই তার শুন্য চোখের 
সজলতা - - - 

- শান্তনু সান্যাল  

রবিবার, ৫ আগস্ট, ২০১২


মহাপ্লাবনের রাত্রি 

নির্জিত মেহেদী পাতার ছিল না কোনই দোষ,
হাতের রেখা ধরে রাখতে পারিনি বোধ 
হয় রঙের স্থায়িত্ব, প্রথম বৃষ্টি তে 
ধুয়ে মুছে গেছে প্রেমাকৃতি, 
মৌন নকশার ভাষা 
বুঝে উঠি নি 
হৃদয়,
অনেক দূর যখন ভেসে গেছে বৃষ্টি বহুল মেঘ,
বসুধার ফাটল ভরা বুকে তখন, ত্রাহি 
ত্রাহি ! অঙ্কুরিত আবেগ গেছে 
শুকিয়ে ক্রমশঃ, অনেক 
সময় অনেক কিছু 
ঘটে যায়,
জীবন কিন্তু থামে কোথায়, হিসেব নিকাশের 
খাতায় মহাশূন্যের ছাড়া কিছুই ছিল না,
যদিও দিবা নিশি, প্রতিপলের 
গণনা করে গেছে মনের 
চিত্রগুপ্ত, সেই 
মহাপ্লাবনের রাত্রি, সবাই যখন সরেখ দাঁড়ায়ে,
খুলে ছিল অদৃশ্য হাতে নিয়তির পুঁথি,
সমস্ত পৃষ্ট তখন রিক্ত, অনুজ্বল 
করতলে খুঁজে পাই নি 
ভূত, বর্তমান 
ভবিষ্যত !
প্রণয়ী মেহেদির দাগ তখন আবছা - -  বিলুপ্ত,
সব কিছু  - - - 

- শান্তনু সান্যাল  


Moonlit Night - Iván Aivazovski
http://sanyalsplanet.blogspot.in/

শনিবার, ৪ আগস্ট, ২০১২


ভাঙা ডানার জগত - - 

ঠিক ছায়ার মত এত কাছে এসে দিয়ে গেছো 
নিঃশব্দ আঘাত, কড়া নাড়ার শব্দে ছিল
চাপা ক্রন্দন, দ্বার খোলার আগেই 
রেখে গেছ বুঝি অশ্রু ভিজা 
গোলাপ, শিশির ঝরার 
পূর্বে যেন ঝরে 
গেছে 
স্বপ্নের বীথিকা, রাত উদাস দাঁড়িয়ে রইলো,
দিগন্ত পারে নিয়ে হাতে আরশির ভাঙন,
জীবনের অপূর্ণ পরিচ্ছেদ, ওই অর্ধ 
নিবন্ত অনল পথে হেঁটে গেছে,
ভালবাসা নগ্ন পায়ে, 
একাকী বহুদূর,
বুকে 
বিঁধিয়ে, বিষ বাণের ভাঙা ডগা, কিছু মৌন
গোঙানি, কিছু আঁধারের সাথী, ক এক 
কণা জোনাকির আলো, নয়ন 
কোণের তৃষিত শ্রাবণ, 
কিছু রঙিন 
স্পর্শ,
আর প্রজাপতির গরূৎ চিরকুট - - - 

- শান্তনু সান্যাল 
painting by Martin Johnson Heade 
http://sanyalsplanet.blogspot.in/




  

শুক্রবার, ৩ আগস্ট, ২০১২


গভীর অঞ্চলে 

বহির্গামী আলোর আড়ালে রইলো আঁধার সঘন, 
ছদ্ম কিরণ ঘুরে বেড়ায় দেউল চূড়ার গায়ে,
জন্ম মৃত্যুর দুই স্তম্ভের মধ্যে বাঁধানো,
প্রীতির মোচড়ানো দড়ি, উপরে
নগ্ন পায়ে হেঁটে চলেছে 
নিয়তির মল্ল 
খেলুড়ে,
লাঠির দুই অন্তে ঝুলে আছে রোদ মেঘের খেলা,
ওই শুন্যের নিচে চেনা অচেনা মানুষের 
ভীড়, বিস্ময়ে চকিত চোখের 
তলে আতঙ্কের ছায়া, 
বুকের ভিতরে 
রহস্য 
রোমাঞ্চের মেলা, হাসি কান্নার পার্শ্বে দাঁড়িয়ে 
রয় জীবন একাকী, নীরব পৃথিবী 
মৌন আকাশ, স্থির সমুদ্র,
তা সত্তেও ভেসে 
যায় 
উদ্বর্তনের ধারা, অন্তর্তমের গভীর অঞ্চলে - - - 

- শান্তনু সান্যাল  

akone walker
http://sanyalsplanet.blogspot.in/