রবিবার, ১০ মার্চ, ২০১৩

জনশূন্য পথে - -

মেঘ কথা রেখেছিল, উজাড় করে নিজেকে 
ঝরিয়ে গেছে রাত্রি নামার আগে, সেই 
জনশূন্য পথে, আধ ভেজা দেহে 
প্রণয়ী মনের একাকী হাঁটা, 
আশে পাশের সব 
ভাবনার 
মীনা 
বাজার তখন উঠে গেছে, নিস্তব্ধ পৃথিবী - 
চেয়ে আছে আকাশের দিকে, এক 
অপ্রত্যাশিত আতঙ্ক নিয়ে 
বুকে, এ কেমন 
অনিবার 
ভাবে 
ঝরে যাওয়া, মনের একগুঁয়েমি, কিন্তু - -
কোনো ভাবেই থামে নি, অবিরাম
সে এক যাত্রা, রাস্তার আলো 
ক্রমশঃ ঝিমিয়ে চলেছে,
পথের দুই ধারে 
ছড়ানো 
পতঙ্গের পাখা শুধুই দৃশ্যমান, দেহ ও -
প্রাণের হদিস তখন খুঁজে পাওয়া 
কঠিন, কোন অগোচর 
গন্তব্যের অভিমুখে 
জীবন এক 
লয়ে 
অগ্রসর, অন্তিম প্রহরে সেই আলোকিত 
দোরগোড়ায়, জীবন শিহরিত 
দাঁড়ানো, হাতে কিছু সিক্ত
নিশিগন্ধার লাজুক 
বৃন্ত, হৃদয়ে 
সুপ্ত 
অব্যক্ত ভালবাসা, কড়া নাড়ার সঙ্গে - - 
দরজার অপর পারে, স্বপ্নীল কাচের 
ফুলদানির অকস্মাত ভেঙে 
যাওয়া, নিঃশব্দ পায়ে 
তখন নেমে -
চলেছে 
জীবন, তেতলা থেকে একতলার ওই 
চিরপরিচিত শেওলা ভরা পথে,
ঝিরঝির বৃষ্টি তখন 
ঝরে চলেছে 
একটানা !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
alone in the rain - - 

এক অদৃশ্য প্রদীপ !

তুমি আজ ও যথারীতি চন্দ্রপ্রভা ফুল, 
নির্মেঘ অন্তঃকরণে ফুটে আছো, 
আমি আজ ও পরিযায়ী 
পাখি খুঁজে বেড়াই 
সুবাসিত 
নীড়, তোমার ওই চির স্থায়িত্ব, সমস্ত 
মুক্তির পথ করে যায় সহজে -
অবরুদ্ধ, সুদুর সীমান্ত 
হতে ফিরে আসে 
জীবন বারে 
বারে, 
তুমি আজ ও অপরাজিতা, গুরুতর -
ভাবে করে যাও একছত্র রাজত্ব,
হৃদয় তন্তুর জলতরঙ্গে, 
লিখে যাও অনন্ত 
প্রণয়ের 
স্বরলিপি, আমি আজ ও রহস্যময় - - 
শত শত শিখার, এক অদৃশ্য 
প্রদীপ ! জ্বলে রই
তোমার 
বুকের মাঝে, চির দেদীপ্যমান ভাবে,
* * 
- শান্তনু সান্যাল 

Painting by Francine Henderson 
http://sanyalsplanet.blogspot.com/

শনিবার, ৯ মার্চ, ২০১৩

পুর্বিতা - সূচি - -

দমকা হাওয়ার সাথে অনাহূত বৃষ্টির রূপে 
কখনো, কোনো দিন, দেখা হবার 
প্রতিশ্রুতি দিয়ে সে নিখোঁজ, 
রেখে গেছে, কিছু 
মেঘের গুড়ো 
ঈশান মুখী জানালার কাচে, তাই প্রতি -
সন্ধ্যার বিষন্ন পলে, খুঁজে মন -
তার বিবর্ণ ঠিকানা, 
মেঘের হয় ত 
নিজের 
আছে পুর্বিতা - সূচি, জানি না, কখন যে 
অপ্রত্যাশিত বর্ষণ ঝরে যাবে দগ্ধ 
বুকের উপরে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Artist Jules  Cozine

শুক্রবার, ৮ মার্চ, ২০১৩

উপায় বা কি আছে - -

ওই দিবা নিশির মিলন বিন্দুর আবছা আলোয়,
দেখেছি বহু বার হে জীবন ! তোমার 
বহু রূপ রঙ্গ, কখনো প্রকাশিত 
সত্যের মাঝে কখনো 
গোপন মিথ্যা 
ভিতরে,
উলঙ্গ বাস্তবিকতার অন্দর মহলে কভু ছদ্ম - - 
আবরণের আড়ালে, দেখেছি জীবন 
তোমার নত মাথায় হেঁটে 
যাওয়া ওই ঘিঞ্জি 
গলি হতে 
সাবেকী পাড়ার পথে, আভিজাতিক দম্ভ নিয়ে -
বুকে, জেনেছি বহু বার হে জীবন !
তোমার চোখের অবহেলনার 
ভাষা, দেখে ও না দেখার 
ভান করা, নিঃশব্দ 
পাশ কেটে 
যাওয়া, 
বুঝেছি বহু বার হে জীবন ! অকস্মাৎ ভাবে 
তোমার হৃদয়ে প্রেমের গাঁজন ওঠা,
ক্ষণিক কি স্থায়ী বোঝার 
আগেই সদর 
দরজা
হতে মিথ্যে হাসির সাথে, বিদায় বলা, তবুও 
রেখেছি হে জীবন তোমায় নিঃশ্বাসে
জড়িয়ে, এছাড়া উপায় বা 
কি আছে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by Theo Dapore 3.jpg

বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৩

মন্ত্রমুগ্ধ ক্ষণে - -


তার আঁখির নীল ছায়া ও মায়াবিনী রাত্রি মাঝে 
কোথা ও, কি যেন একটা মিল আছে, খুঁজে 
মন, ছড়ানো ফুলের বৃন্তে, হারানো 
হৃদয়ের প্রণয় গন্ধ ! কিসের 
অনুরণন ভাসে দেহ 
ও প্রাণে, কে 
ডেকে যায় নিঃশব্দ, সন্ধ্যার মন্ত্র মুগ্ধ ক্ষণে - - - 
* * 
- শান্তনু সান্যাল 


painting by artist Filomena Booth
http://sanyalsplanet.blogspot.com/

বুধবার, ৬ মার্চ, ২০১৩

মনের সাঁকো - -

নির্বাক চেয়ে আছি পদ্মার তীরে, ঝরে 
যায় ব্যথিত সুরে কোন পরিচিত 
মাঝির কন্ঠে অতীতের 
ভালবাসার গান, 
নিঃশব্দ 
দাঁড়িয়ে আছি রক্তিম পুকুর ধারে, এ -
কেমন সন্ধ্যার ধোঁয়া উঠে 
চলেছে ধ্বস্ত দেউল 
পারে, সে এক 
প্রতিশ্রুতি 
শঙ্খ বেলার ক্ষণে আজানের মাঝে ছিল 
সমাহিত, কোথায় গেছে সে 
হারিয়ে সেই মায়ের 
ভাষায় ডাক -
নাম নিয়ে 
সুদুর হতে হৃদয়ে ডাক দেওয়া, কে - - 
ভেঙ্গে দিতে চায় মনের সাঁকো 
যে জড়ানো আছে যুগে
যুগের মিতালীর 
দ্বারে - - 
* * 
- শান্তনু সান্যাল 
beautiful bangladesh 
http://sanyalsplanet.blogspot.com/

মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৩

অন্তরতম - - ছোঁয়া - -

খাম দেখে সে না কি অন্তর্বস্তু বুঝতে পারে,
ওই কথনে কত ছিল মনোবিজ্ঞান 
কিংবা অগভীর জলের -
সাঁতার, বলা 
মুশকিল, 
কিন্তু তার কথার গহিনে ছিল অদৃশ্য - - -
অনুপ্রেরণা ! তাই সে দিন থেকে 
আমি নিজে কে গোছাতে 
শুরু করলাম, কিছু 
বহিরাগত 
দামী 
আতর, কিছু ছদ্ম আবরণ, আর সুবাসিত -
সংলাপ, যাকে বলে মিথ্যে সোহাগ !
ক্রমশঃ দেখি সে অনেকই 
কাছে চলে এসেছে,
ঠিক অজানা 
প্রেরকের 
বিনা ঠিকানা চিঠি, খুলে দেখার আগের - -
কৌতুহল, অথবা অপ্রত্যাশিত ভয়ের
কম্পন, সব মিলিয়ে সংবেশিত 
অবস্থা, যেখানে মানুষ 
এক মধুর স্বপ্নে 
সংজ্ঞাহীন 
হয়ে উঠে, অতীত, বর্তমান, ভবিষ্যত সেই 
মুহুর্তে নগণ্য মনে হয়, তখন শুধুই 
চোখের সামনে আকর্ষক 
রঙ্গীন খামের 
রহস্য 
ভেসে রয়, কিন্তু খুলতেই জানা যায় - - - - 
বাস্তবিকতা ও কৃত্রিমের পার্থক্য, 
আমার চেহারা ও ভিন্ন 
কোথায়, আমি ও 
ত এই গ্রহের 
বাসিন্দা,
রূপ রঙ্গ দেখে সহজ কোথায় অন্তরতম - -
ছোঁয়া - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
reflection 3