বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৩

সংজ্ঞার বাহিরে - -

সে এক তৃষ্ণা কি স্পৃহা, কিছুও হতে পারে !
দোহন কি দহন শুধুই শব্দের বাঁক,
তার নয়নের বাসনা সংজ্ঞার 
বাহিরে, লিখে যায় প্রতি 
মুহুর্তে নব নতুন 
কবিতা !
জানালার ওই পারে চির গুজবের জমাট, - 
মেঘ নিয়ে তর্কাতর্কি, আকাশ যেন 
বেপরোয়া যখন ইচ্ছে তখন 
যাবে ভিজিয়ে, পৃথিবীর 
বিলাপ সে শুনে 
কোথায় !
সে প্রেম কি রিরংসা বলা মুশকিল শুধুই 
চোখের দর্শন, যে যার মতে টেনে 
যায় নিম্নরেখা, কখন শ্যাম 
কখন রঙ্গীন, নিসর্গ -
নিজের কাজ 
করে যায় 
সহজ অনবরত ভাবে, শিরোনামে কি - -
বা আসে যায়, পরস্পর চোখের 
মাঝের অদৃশ্য বক্ররেখা,
সরাসরি বিদ্ধ করে 
অন্তর,
জীবন যায় বদলিয়ে অপ্রত্যাশিত রূপে !
* * 
- শান্তনু সান্যাল 

বুধবার, ১২ জুন, ২০১৩

দিনলিপির ছেঁড়া পৃষ্ঠা হতে - -

স্বপ্ন দৃষ্টা সে এক অদ্ভুত প্রতিফলন, প্রায়ই বেরিয়ে
আসতে চায় আয়নার বাইরে, বাধ্য করে 
তোমায় ভালবাসতে, তাই বিষন্ন 
সন্ধ্যার আবছা আলোর 
মাঝে মন খুঁজে 
তোমার 
ঠিকানা, কিছু সুরুক যে সময়ের সাথে গেছে ক্ষয়ে,
ওই দিনলিপির জর্জর পৃষ্ঠে হৃদয় চায় 
পুনরায় পড়তে, কিছু কবিতা 
কি অকবিতার মাঝে 
জীবন খুঁজে 
প্রথম 
প্রণয় প্রতিশ্রুতি, সে এক বিস্মৃত বর্ষণ মুখর সন্ধ্যা,
দীর্ঘ নীরবতার পরে কম্পিত স্পর্শ, শিরায় 
শিরায় এক অমত্র্য অনুভূতি, পৃথিবী 
তখন সুদুর শুন্যে দোলায়মান, 
নিঃশ্বাসের ওঠা নামার 
শব্দের ছাড়া 
ওই -
মুহুর্তে কিছুই মনে ছিল না, জানালার অপর পারে 
জন অরণ্য তখন বিরলতার পথে, যেন 
এক মহাকায় সাগর তরঙ্গ নিমিষে 
গিলে গেছে রাজপথের 
কোলাহল, 
এক 
বিচিত্র নিস্তব্ধতার মাঝে আমরাও হারিয়ে গেছি 
জানি না, কোন এক অচিন উপগ্রহের 
রহস্যময়ী আবর্তে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by Donna McGee

মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

নিঃশব্দ দহন - -

আজ সন্ধ্যার এক পশলা বৃষ্টির সাথে সে 
রেখে গেছে মনের দোরগোড়ায় 
এক সুন্দর রেশ, অজানা 
রেশমী স্পর্শ !
কিছু 
নিশিপালনের জন্য খোলা চোখের স্বপ্ন, 
ওই জলো অনুভূতির আছে -
নিজস্ব আকর্ষণ ধরে 
রয় হৃদয় জুড়ে 
অবচেতন 
ভাব, 
তার প্রেমের প্রহেলিকার গ্রন্থী খুলতে - 
গিয়ে দেখি সব কিছু এলোমেলো,
বিভ্রান্তিকর ব্রততী জড়িয়ে 
চলেছে দেহ ও প্রাণে,
আকাশ তখন 
পৃথিবীর 
বুকে বিলিয়ে শেষ মেঘের বিগলন হতে 
চায় দায় মুক্ত, হৃদয়ের মাঝে এখন
অবাঞ্ছিত আবেগ ধারা বহে 
যায় অগ্নি প্রবাহ 
রূপে !
সারা রাত জীবনের মরু প্রান্তর জ্বলে 
নিবে, জোনাকির নিঃশব্দ 
ডানার তলে - - 
* * 
- শান্তনু সান্যাল 
Sheltering on the beach Llansteffan ART BY MC

সোমবার, ১০ জুন, ২০১৩

পরিপূর্ণ প্রস্ফুটন - -

বাস্তবিকতার দোহাই আর ভালো লাগে না,
ওই প্লাস্টার খসা দেয়াল, ভাঙা 
সিড়ির ধাপ, উনুনের 
উঠন্ত ধোঁয়া,
সদর 
দরজায় দাঁড়ানো আইবুড়ো প্রত্যাশার পথ 
চাওয়া, মান্ধাতা আমলের ওই 
মেঝের উপরে আদর্শ 
নৈতিকতার 
শ্যাওলা,
যত সব মুখোশের ভিতরে ভণ্ডামি, জীবন 
চায় উন্মুক্ত উড়ান, স্বপ্ন কে দৌড়িয়ে 
আস্ত ধরা, প্রজাপতির ডানায় 
কবিতার শীর্ষ বিন্দুর 
সন্ধান, আকাশ 
মুখী ওই 
উড়ন্ত হাইওয়ের সাথে সুদুর দিগন্তে উড়ে -
যাওয়া, জোর করে জীবনে এক 
পরিবর্তন আনা, যেখানে 
অবসাদ, পরাজয় 
অর্থহীন !
তোমার ওই বাসী, ফ্যাকাশে হাসির মাঝে 
কিছু ফুলের গন্ধ ভরা, বলুক তারা 
যা ইচ্ছে, আমি আর হতে 
চাই না রাস্তার দেয়াল
জুড়ে লেখা 
ওই -
মিথ্যে শ্লোগান, হৃদয় চায় পরিপূর্ণ প্রস্ফুটন !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
artist- Suren Nersisyan

রবিবার, ৯ জুন, ২০১৩

বৃষ্টি থামার পরে - -

আলো অন্ধকারের ওই লুকোচুরির নেপথ্যে 
দাঁড়িয়ে রয় জীবন অদৃশ্য একাকী,
দেখে যায় নিঃশব্দ সব কিছু,
শ্রাবণী মেঘের পৃথিবীর 
বুকে অবতরণ, 
সারা রাত 
একটানা বিশোষণ, বিহানের পূর্বে আকাশ -
যেন অবাক রিক্ত বক্ষে, শুন্য নয়নে 
চেয়ে আছে অন্তঃস্থলের 
যথারীতি অশমিত 
অগ্নিশিখা !
ভেসে উঠছে জলীয় বাষ্পের কুয়াশা চার 
দিকে, পুরাতন বাকল খুলে নিসর্গ 
এখন চায় পুনর্জীবন, তাই 
এক বিন্দু সূর্যের 
কিরণ !
এই মুহুর্তে শাশ্বত, কল্পলোকের অমৃত সম,
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by john-cocoris

শুক্রবার, ৭ জুন, ২০১৩

অনিঃশেষ অভিলাষ - -

অনিঃশেষ তার অভিলাষ, মৌসুমের বদলে 
যায় না কোন ভাবেই বদলিয়ে, সে 
এক অপরূপ ব্যথা ! সাজিয়ে 
রাখতে চায় জীবন 
অন্তর মহলে,
খুবই 
সাবধানে, যেন বহুমূল্য কাচের পুতুল না -
যায় ভেঙে, তার নীরব চোখে লুকিয়ে 
আছে তুমুল কোলাহল, এক 
চাপানো আন্দোলন,
সর্বস্ব হারিয়ে 
ফিরে 
পাওয়ার অদম্য বাসনা, অবাধ্য ভালবাসা !
জোর করে টেনে আনা নিজের 
জীবনে, বৈধ অবৈধ 
পরিভাষার 
বাইরে 
সে এক অনন্ত সমবর্তন, পরিপূর্ণ চুম্বকে - - 
অস্তিত্বের পরিবর্তন !
* * 
- শান্তনু সান্যাল 

rainy night

মঞ্জরিত ভালবাসা - -

স্বপ্নগুলোর প্রবঞ্চনা অনেক সময় ভালই লাগে, 
যদি সে ঝরে তোমার চোখ হতে ! জানি 
সেই কুহক ভরা পথে আছে বহু 
দহন জ্বালা, তবুও জানি 
না কেন মন ছুটে
যায় সুদূরে -
ওই প্রাণঘাতী উপত্যকার দিকে, বুকে নিয়ে -
এক অদ্ভুত আকুলতা, প্রাচীন মরু -
ভূমির এক জ্বলন্ত তৃষা !
দীর্ঘ অধিযুগের 
এক অতৃপ্ত 
কামনা, আকাশভরা রঙ্গীন আলোকের মাঝে, 
তোমার প্রণয়ের এক ফোঁটা নীহার কণা !
জীবন খুলে রাখতে চায় উন্মুক্ত 
হৃদয়ের বাতায়ন, যেখানে 
আছে লাজুক ভাবনার 
অর্ধ মুকুলিত 
ফুলের 
অসংখ্য পাপড়ি, সিক্ত প্রত্যাশা নিয়ে অন্তর্মনে,
মঞ্জরিত ভালবাসার পথে অগ্রসর - -
* * 
- শান্তনু সান্যাল 

by artist Maryanne Jacobsen