শুক্রবার, ৬ জুলাই, ২০১২

মৌন ভঙ্গের পরে - -

যে ভাবে চুপচাপ বসে আছো সম্মুখে, হয় ত 
কিছু ক্ষণে প্রাণ যাবে হারিয়ে, সিক্ত 
অধরে থেমে আছে আগত ঝড়
অপ্রত্যাশিত, নয়ন কোণে
অশনি সংকেত, যেন 
রাত যাবে ভেসে 
অজানা মহা 
প্লাবনে, 
কিছু ত বল, ঘিরে আসছে জবজবে আঁধার,
বুকে লয়ে স্বপ্ন হাজার, এই নীরবতার 
ভিতরে পারদর্শিত, নিশি পুষ্পের 
গন্ধে জড়ানো ভালবাসা 
চায় চলকে যেতে,
নিরুদ্ধ 
ভাবনার শিশু দৌড়িয়ে ভিজতে চায় যেন 
উন্মুক্ত সবুজ বৃষ্টিময় মাঠে - - 

- শান্তনু সান্যাল  
Indian monsoon
http://sanyalsplanet.blogspot.com/

কিঞ্চিত ভালবাসা 

সামনে থেকে সে গেছে চলে, কিঞ্চিৎ নবজাতক 
চাহনি দিয়ে, কিসের সংকোচ ছিল তার 
মনে, হয় ত সেই জানে, ওই এক 
নজরে কত যে সুরভিত 
অতীত হয় উঠলো 
জীবন্ত সে কি 
তা জানে, 
তার চোখের তিলে পৃথিবী আকাশ কোথায় - -
যেন মিলে, ওই মিলন বিন্দুর মাঝে 
কত কাহিনী আছে লুকায়ে,
কত সন্ধ্যার সোঁদালি 
গন্ধ, কত রাতের 
চন্দনময় 
সুবাস,
এতই সোজা পাস কেটে যাওয়া, তির্যক চোখে 
ফিরে চাওয়া, বলে যায় তার হৃদয়ের 
মন্থিত আবেগ হারিয়ে যায় নি 
এখনো - - 

- শান্তনু সান্যাল 


Oil Painting by Kathy O'Leary
http://sanyalsplanet.blogspot.com/

বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১২


পথ চাওয়া - - 

ফিরে গেছে বিমুগ্ধ সন্ধ্যা দিয়ে প্রণয়ী চিঠি 
রাত্রির হাতে, সুবাসিত আবরণ পড়ে
আছে সিঁড়ির অন্তিম ধাপে, নিশি
পুষ্পের গন্ধে মাখা মুহুর্তে 
তার আগমন, ভরে 
উঠতে চায় 
রিক্ত 
হৃদয় কোন অপরূপ অনুরাগে, ঘিরে আসা 
আঁধারে ভেসে চলেছে ভাবনার দীপ
মালিকা, উজান মুখী স্বপ্নের 
দেশে, সেই সন্ধিক্ষণে 
বহু সুপ্ত আবেগ 
সহসা 
দেহ ও প্রাণে জাগিয়ে তুলে প্রান্তবর্তী মহা 
জিজীবিষা - - - 

- শান্তনু সান্যাল
artist Henry Peeters Fairfax 

পূর্ণ পুরুষ 
প্রবল বৃষ্টির সেই রাত, মেঘের উন্মাদনা ! বজ্র
ঝিলিকের সঙ্গে, তরঙ্গিত গর্জন, তার 
আর্দ্র ভাবনারা খুঁজে ছিল কোন 
এক মুহুর্তে এক রাতের 
পান্থশালা, রুক্ষ 
লোমশ বুকে, 
বেঁধে 
ছিল ভালবাসার নীড়, সিক্ত অধরে রেখে ছিল 
সুরভিত স্পর্শ, প্রলুব্ধ চোখে হয় ত দিয়ে 
ছিল নিদারূণ আমন্ত্রণ, ছুঁয়ে ছিল 
অপরীক্ষিত আবেগ গ্রন্থী, 
অনুক্রমিক আলোয় 
সেই রাতে গেছে 
হারিয়ে 
সমস্ত নৈতিকতার অহংকার, পুরুষত্বের অর্থ 
তখন খুবই সংকুচিত, নিমেষে যেন 
হাজার হাজার বছরের ক্রমিক 
বিকাশ, থেমে গেছে হটাত 
বিলুপ্ত আদিম যুগে,
ওই প্রাচীন ও 
অর্বাচিনের 
মাঝের অন্তরে, শব্দহীন অনুভূতি; পরিবর্তিত
করে গেছে সর্বাঙ্গ, দৃশ্যমান অদৃশ্যমান 
দেহের নকশা, বিস্ফোরণের সেই 
অপরূপ পদ্ধতির ফলে 
কিশোর শরীর হয় 
উঠলো এক 
রাতে 
পূর্ণ পুরুষ কিংবা আগ্নেয়গিরি, ধরা কঠিন - - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


alone man in the rain 

বুধবার, ৪ জুলাই, ২০১২


সে দিনের গহন আবেগ 
ওই মায়াবী রাতের একফালি ছায়া, কি এখনো 
জড়িয়ে আছে দেহ ও প্রাণে, কত কাছে 
এসে ভেসে গেছে মেঘের দল, 
বন্ধ জানালার কাচে
লিখে গেছে 
সজল 
কবিতার ভাসা ভাসা অনুভূতি, হয় ত সে -
খুলে নি চোখের বাতায়ন, কুয়াশায় 
ঢাকা রইলো চিরতরে, প্রণয়ের
অঙ্কুরিত চারাগাছ, সেই 
শীত নিদ্রায় জেগে 
আছে সম্ভবতঃ 
আজ ও 
কিছু জীবনের স্বপ্নীল মুহূর্ত, ক এক ফোঁটা
অশ্রু জল, কিছু অপূর্ণ প্রতিশ্রুতি,
শ্রাবণের সিক্ত সন্ধ্যা, কিছু 
আনত নিশিগন্ধার 
অপ্রস্ফুটিত 
গুচ্ছ - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
artist - Bloemen schilderijen 

সোমবার, ২ জুলাই, ২০১২


ভাঙা তটভূমি 
সেই ঝড়ো বাদল সাঁঝে, অনেক ক্ষণ ছিলাম 
গঙ্গার ধারে, চেয়ে রইলাম শুধু দিনান্ত 
নৌকার আঁধারে, ক্রমশঃ হারিয়ে
যাওয়া রূপ, বিচ্ছিন্নতার 
সেই মুহুর্তে ডেকে
ছিলাম হয় ত 
তোমাকে,
ফিরে এসেছিল, কিন্তু নিবন্ত প্রতিধ্বনি রিক্ত 
হাতে, হটাত ফিরে দেখি এক অদৃশ্য 
আলতো পরশ ভেঙ্গে চলেছে 
তন্দ্রিত ভাবনা, তাই 
উদাস মনে চলে 
এসেছিলাম
ধীরভাবে, সেই প্লাবিত রাতে বোধ হয় ডুবে 
গিয়েছিল, সমস্ত জোনাকির আলোয় 
উদ্ভাসিত দ্বীপের জগত, কেবল 
রইলো চিরস্থায়ী সজল 
তিমিরের সাম্রাজ্য,
কিছু অবশেষ 
বেদনা, 
বট বৃক্ষ, লোহার সেতু, দূরগামী ট্রেনের কম্পন,
ভাঙা মন্দির সোপান, তীরে ভেসে ওঠা 
ফুলের মালা, ঝুলন্ত শিকড়, বন্ধ 
ঠাকুর ঘরের মধ্যযুগীন 
কাঠের দরজা - - 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

Thomas Moran oil paintings 

কিছু কথা - -
কিছু অনুভূতি;
শিশির কণা পড়ে
রয় বিছিন্ন 
পাতায় একাকী,
ঘনীভূত 
অশ্রু বিন্দু আছে 
নেত্র মাঝে
এখনো কি বাকি,
কিছু  মেঘ 
লুপ্ত অনায়াসে 
ঘুরে ফিরে 
দগ্ধ নীলাকাশে,
কিছু কথা 
মুখরিত হৃদয়ে
মৌন অধর 
ক্রমশঃ শব্দ হারায়ে - - 
- শান্তনু সান্যাল
dewy flower